মুজিব হত্যার বিচারে কেঁচো খুঁজতে সাপ বের হয়ে আসতে পারে : বিএনপি

ডেক্স রিপোর্ট  : গতকাল বুধবার প্রধানমন্ত্রীর এক বক্তব্যে ‘মুজিব হত্যার’ সাথে জিয়াউর রহমান জড়িত থাকা স্বত্ত্বেও পিতৃহত্যার বিচার না করতে পারার যে আক্ষেপ প্রকাশ করেছেন তার প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ পর্যন্ত কেউ বলেনি এই ঘটনায় জিয়াউর রহমান জড়িত। এবং মুজিব হত্যার যে বিচার হয়ে গেলো সেই বিচারে কোথাও কোনো সাক্ষী প্রমাণে জিয়াউর রহমানের নাম নেই।

তিনি বলেন, শেখ হাসিনার বিদেশ থেকে ফিরে আসার ১৭ দিনের মাথায় জিয়াউর রহমানের নৃসংশ হত্যা নিয়ে মানুষের প্রশ্ন থাকতে পারে। জনমনে আবারো নতুন করে প্রশ্ন উঠাবেন না তাহলে মুজিব হত্যায় কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসতে পারে।

বৃহস্পতিবার নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার চিরাচরিত নিয়ম অনুযায়ী কোমল শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়টা ডাইবাট করার জন্য, আবার জিয়াউর রহমানের দিকে আক্রমণ করতে শুরু করেছেন। আমরা বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বয় চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান হত্যার পর শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ার দিক দিয়ে আগরতলা হয়ে দেশ থেকে পালাতে চেয়েছিলেন। তখন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ প্রশাসন বর্ডার থেকে ধরে নিয়ে আসে।

তিনি বলেন, জিয়াউর রহমানের মরার খবর পেয়ে মানুষ যখন রাস্তায় নামলো। শেখ হাসিনা তখন কেনো ভারত মুখী হলেন? সেই প্রশ্ন জনগণের থাকতে পারে।

বিএনপির এই নেতা বলেন, শুধু শেখ হাসিনা নয়, দেশে কোটি কোটি মানুষের পিতৃহত্যার আক্ষেপ আছে। প্রশ্ন থাকতে পারে তাদের পিতৃহত্যার বিচার করবে কে? সূত্র : আমাদের সময় ডটকম।