বাসচাপায় নিহত দিয়া-করিমের পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা করে অনুদান

একুশে বার্তা প্রতিবেদন : রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিমের পরিবারের সদস্যদের সমবেদনাসহ এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্র অনুদানও দিয়েছেন প্রধানমন্ত্রী।

২ আগস্ট বৃহস্পতিবার  দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দিয়া-করিমদের স্বজনদের ডেকে নিয়ে সমবেদনা জানানোর পর এ অনুদান দেন।

দিয়ার খালা নাজমা বেগম জানান, বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গাড়ি এসে দিয়ার মা রোকসানা বেগম, বাবা জাহাঙ্গীর আলম, বড় বোন রোকেয়া খানম রিয়া ও ছোট ভাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিয়াদুল ইসলাম আরাফাতকে নিয়ে যায়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ার স্বজনদের সঙ্গে কথা বলতে চান, সেজন্য তাদের ডেকে নিয়েছেন।