মোদি বিরোধী প্রথম র‌্যালিতে নেতৃত্ব দিলেন রাহুল

আন্তর্জাতিক ডেক্স : লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন। রোববার নয়াদিল্লির রামলীলা ময়দানের ‘জন আক্রোশ’ র‌্যালি থেকে সেই লক্ষ্যভেদের প্রস্তুতি যেন শুরু করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘২০১৯ সালে কংগ্রেস জিতছেই! কংগ্রেস তার শক্তি দেখিয়ে দেবে।’ রাহুলের মতে, ‘নরেন্দ্র মোদির মুখোশ খুলে গেছে। মানুষ বুঝে গেছেন তার কথা আর কাজে কোনো মিল নেই।’ এই জনসভায় রাহুল ছাড়া বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী মননোহন সিং, সোনিয়া গান্ধী। খবর এনডিটিভির।

এ দিন রাহুলের বক্তব্যে একে একে উঠে এসেছে দুর্নীতি, কালো টাকা, নারী সুরক্ষা, অর্থনীতি, মোদির নীরব নীতির মতো প্রসঙ্গ। রাহুল বলেন, মোদি যেখানেই যান দুর্নীতি দূর করার প্রসঙ্গ তোলেন। কিন্তু কাজে কতটা কী করেন তা সবাই দেখতে পাচ্ছেন।

মোদির বিরুদ্ধে বলতে গিয়ে রাহুলের বক্তৃতায় এসেছে কৃষকদের দুরবস্থার প্রসঙ্গও। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি বড় বড় শিল্পপতির ঋণ মওকুফ করে দেন, কিন্তু কৃষকদের এক পয়সাও ছাড়েন না। দেশে একের পর এক কৃষক আত্মহত্যা করছেন অথচ মোদি সে বিষয়ে একটি শব্দও খরচ করলেন না।

শুধু তাই নয়, নীরব মোদি যে এত বড় কাণ্ড ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল তা নিয়েও দেশের ‘চৌকিদার’ চুপ।’ কেমন প্রধানমন্ত্রী তিনি, এমন প্রশ্নও তোলেন রাহুল। উন্নাও এবং কাঠুয়া কাণ্ড নিয়েও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন রাহুল।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে এ প্রসঙ্গে তার মন্তব্য, কাঠুয়া, উন্নাও দেখিয়ে দিয়েছে দেশে নারীদের সুরক্ষার হাল কেমন। আর এই নারী সুরক্ষা নিয়েই মোদিকে বিদেশের মাটিতে সমালোচনার মুখে পড়তে হয়েছে। মোদি জমানায় দলিতদের অবস্থাও যে শোচনীয়, সে প্রসঙ্গও টেনে আনেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘রাজ্যে রাজ্যে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে, অথচ এ বিষয়েও মোদি চুপ।’