যুক্তরাজ্যে কাবা উড়িয়ে দেয়ার লিফলেট বিতরণ : হেফাজতের নিন্দা

একুশে বার্তা ডেক্স : অজ্ঞাত এক উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী ব্রিটেনে বিভিন্ন বাড়িতে মুসলিমদের উপর নির্যাতনের জন্যে চিঠি বিতরণ করেছে। ওই চিঠিতে পরমাণু বোমা মেরে মক্কা শরিফ উড়িয়ে দিতে পারলে পুরস্কার দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

এছাড়া আগামী ৩ এপ্রিল (পানিশ অ্যা মুসলিম ডে) মুসলিম নির্যাতন দিবস পালনের আহ্বান জানিয়েছে অজ্ঞাত ওই উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

সোমবার সন্ধ্যায় হেফাজতের পাঠানো এক বিবৃতিতে ওই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে হেফাজতে ইসলাম নেতারা বলেন, বিশ্বজুড়ে মুসলমানদের উপর চলছে ভয়াবহ জুলুম ও নির্যাতন। মুসলমানরা এর প্রতিরোধ করলেই তাদেরকে বলা হচ্ছে জঙ্গি বা সন্ত্রাসী। চিঠির মাধ্যমে আহ্বান জানিয়ে মুসলমানদেরকে হত্যার পরিকল্পনা ভয়াবহ ঘটনা।

এ কাজ যারাই করুক না কেন, আমরা তাদের শাস্তি দাবি করছি। এধরণের সহিংসতার লাগাম টেনে না ধরলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে আশংঙ্কা করছেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের উচিত- ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টির জোরালোভাবে তদন্তের দাবি জানানো। কেননা এসব প্রতিহিংসামূলক কর্মকান্ডের ফলাফল কখনো শুভ হয় না। সন্ত্রাসী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি না দিলে অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাবে। কাজেই সময় থাকতে সতর্কতা অবলম্বন না করলে তা মহাবিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।