রাজধানিতে ৭৪ কিলোমিটার বেগের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব : নিহত ২ : নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত, লন্ঞ চলাচল বন্ধ

ডেক্স রিপোর্ট : ঢাকার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যার পর ঝড় শুরু হলে পুরানা পল্টন মোড়ে  ভবন থেকে ইট পড়ে এক চা দোকানি এবং সংসদ ভবন এলাকায় গাছ ভেঙে এক নারী নিহত হয়েছেন।  ঝড়ের শুরু থেকে শেষবধি আড়াইঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল।শেরে বাংলা নগর থানা সূত্রে জানা যায়, সংসদ ভবন এলাকায় নিহত নারীর নাম মিলি ডি কস্তা (৬০)। তিনি মনিপুরি পাড়ায় থাকতেন। সন্ধ্যায় তিনি সংসদ ভবন এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে পল্টন থানা থেকে বলা হয়, ঝড়ের সময় পুরানা পল্টন মোড়ে চায়ের গলিতে উঁচু ভবন থেকে একটি ইট নিচে পড়ে। এতে মো. হানিফ (৪৫) নামে এক চা দোকানি আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোন ভবন থেকে ইটটি পড়েছে তা জানা যায়নি।

রবিবার সন্ধ্যার পর ঝড় শুরু হয়। ঝড়ের সময় বজ্র বৃষ্টিও ছিল। এতে নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। কাজ শেষে ঘরে ফেরার পথে বেকায়দায় পড়তে হয় কর্মজীবী মানুষের।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার উত্তরা,  গুলশান, ধানমন্ডি, ফার্মগেট ও পুরান ঢাকাসহ অধিকাংশ এলাকায় ঝড়ের সময় বিদ্যুতের সমস্যা হয়। আবার অনেক এলাকায় গাছ পড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়। রাস্তায় পানি জমে যায়।

আবহাওয়া অফিস সুত্রে জানা যায়,  ঢাকার ওপর দিয়ে ৭৪ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। আর ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।সূত্র জানায়, নদী বন্দরগুলোতে ২ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রয়েছে।