একুশে বার্তা প্রতিবেদন : সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি বিভাগের এক সদস্যসহ দুইজনকে আটক করেছেন ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা।
আটকরা হলেন- সৌদি আরব থেকে আসা যাত্রী মো. ইয়াকুব মিয়া এবং বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর সদস্য মো. শরীফুল ইসলাম।
ঢাকা কাস্টম হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে।”
তিনি জানান, শনিবার রাত ৯টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইয়াকুব শাহজালালে নামেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি করযোগ্য কোনো পণ্য থাকার কথা অস্বীকার করেন।
সে সময় তার মোবাইলে বাংলাদেশি একটি নম্বর থেকে ঘন ঘন ফোন আসতে থাকে। এর সূত্র ধরে এভিয়েশন নিরাপত্তা বাহিনীর সদস্য শরীফুল আলমকে অনুসরণ করা হয়। কিন্তু টের পেয়ে শরীফুল দৌড়ে স্টাফ গেইট দিয়ে পালিয়ে যায়। পরে তাকে আটক করা হয়।
অথেলো চৌধুরী বলেন, ইয়াকুব ও শরীফুলকে কাস্টমসের ব্যাগেজ কাউন্টারে নিয়ে তল্লাশি করা হয়। তখন ইয়াকুবের জ্যাকেটের ভেতরে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫৮০ গ্রাম; দাম আনুমানিক ২৯ লাখ টাকা।
ইয়াকুব ও শরীফুলকে বিমানবন্দর থানায় সোপর্দ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উপ কমিশনার অথেলো চৌধুরী জানান।
