একুশে বার্তা প্রতিবেদন : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারো ১০৭ কেজি ৭০০ গ্রাম খাত উদ্ধার করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মঙ্গলবার অভিযান চালিয়ে এ খাত জব্দ করে। এর বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৬ লাখ টাকা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, এ চালানটি ইথিওপিয়া থেকে মুম্বাই হয়ে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ দুপুর ১টা ১০ মিনিটে ঢাকায় আসে। পরে বিমানবন্দরের পোস্ট অফিস (বৈদেশিক) শাখা থেকে এগুলো আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মো. নজরুল ইসলাম সিকদার জানান, ইথিওপিয়ার ‘কাজালি জামির এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান গ্রিন টি হিসেবে খাতের চালানটি পাঠিয়েছে। গ্রিন টি’র প্যাকেটে ৬ কার্টনে মোট ১০৭ কেজি ৭০০ গ্রাম খাত রয়েছে। ঢাকার নয়াপল্টন এলাকার একটি প্রতিষ্ঠানের নামে খাতের এই চালানটি এসেছে। চালানের ঠিকানায় নাম রয়েছে মাহবুবুল রহমান। তবে ওই ঠিকানা ও মোবাইল নম্বরে কাউকেই পাওয়া যায়নি বলে তিনি জানান।
