একুশে বার্তা প্রতিবেদন : সিলেট ওসমানী বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় জাহিদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার সকাল ৬টা ৪৩ মিনিটে আবুধাবি থেকে আসা বিজিইএ-২২৮ বিমান থেকে এসব বার উদ্ধার করা হয়।
সিলেট-৭ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, স্বর্ণ বহন করার অপরাধে সিলেট নগরের কোতোয়ালি থানাধীন শেখঘাট কলাপাড়া এলাকার জাহিদ মিয়াকে আটক করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন এপিবিএন পুলিশ পরিদর্শক কোহিনূর আহমদ ও এএসআই খালেদ মিয়া।
বিজিইএ-২২৮ এর বিমানের (১০/অ নং এ) সিটের নিচে স্বর্ণের বারসহ জাহিদকে পাওয়া যায়, যদিও সেটি তার নির্ধারিত সিট নয়। পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায় তার নির্ধারিত সিট ছিল ১০/ই নং এ-তে।
গত এক মাসে তিনি সিলেটে বেশ কয়েকবার আসা-যাওয়া করেছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন চার কেজি ৬৪০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা। স্বর্ণের বার অবৈধভাবে নিয়ে আসার দায়ে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।
