শাহজালালে একটি গোয়েন্দা তালিকা নিয়ে তোলপাড়

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গোয়েন্দা তালিকাকে কেন্দ্র তোলপাড় শুরু হয়েছে। সিভিল এভিয়েশনের প্রশাসন বিভাগ থেকে ওই তালিকার একটি কপি একজন গণমাধ্যম কর্মীর হাতে চলে যাবার পর তালিকার নাম ধরে ধরে ফোন করে জানতে চাওয়া হচ্ছে। তালিকায় ইমিগ্রেশনের পুলিশের প্রটোকলের দায়িত্বপ্রাপ্ত কয়েকজনের নামও নাকি রয়েছে। তালিকায় রয়েছে শাহজালালে কর্মরত বিভিন্ন এয়ারলাইন্স-এর কর্মকর্তা-কর্মচারি, সিএএবির নিরাপত্তা বিভাগের কর্মচারি –যারা মানবপাচারে জড়িত রয়েছে। শতাধিক তালিকাভুক্তদের মধ্যে আতংক বিরাজ করছে। এই তালিকার ব্যাপারে সিএএবির এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তালিকার কথা শুনেছি, হাতে পাইনি।
শাহজালালে মাঝেমধ্যেই এ রকম গোয়েন্দা তালিকা হয়, গোয়েন্দা নজরদারিতে চলে আসে অনেকে। পড়ে ‘যে লাউ সে কদু’ই হয়ে যায়। ইতিপূর্বে সিএএবির নিরাপত্তা বিভাগের ২৯ জনের নামে গোয়েন্দা তালিকাভুক্তদের ব্যাপারে তদন্ত হয়। কিন্ত এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বর্তমান ডিডি প্রশাসন যখন এডি প্রশাসন তখন তার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট হয়। কিন্ত পরবর্তীতে তা ধামাচাপা পড়ে যায়। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।