শাহজালালে ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক: অতিরিক্ত কমিশনারের দিনভর সমঝোতা বৈঠক, সেইভ করার প্রক্রিয়া, বিভাগীয় মামলার প্রস্তুতি

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরে লক্ষাধিক টাকার ঘুষ নেয়ার অভিযোগে ‘সি’ পালায় কর্মরত রাজস্ব কর্মকর্তা রমিজ উদ্দিনকে আটক করেছে আইন প্রয়োগকারি সংস্থা। এ ব্যাপারে যাত্রী জহিরুল হক স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১৪ জানুয়ারি শাহজালাল বিমানবন্দরের কাস্টমস হলে।
বিষয়টি নিয়ে আজ ১৫ জানুয়ারি দিনভর শাহজালালে ঢাকা কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার-১ তাসনিমুর রহমানের নেতৃত্বে সমঝোতা বৈঠক হয়। রাজস্ব কর্মকর্তা রমিজ উদ্দিনকে ‘সেইভ’ মিশন চলছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ খবর পাওয়া গেছে।
লক্ষাধিক ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা রমিজ উদ্দিনকে আটকের পর বিমানবন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দেয়া হয়নি। কাস্টমস অ্যাক্টে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে ‘সি’ পালায় কর্মরত সহকারি কশিমনার আরিফিন জাহিদীর সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে ১৫ জানুয়ারি বিকেলে অতিরিক্ত কমিশনার তাসনিমুর রহমানের ঢাকা কাস্টমস হাউজের অফিসে গিয়েও তিনি বিমানবন্দরে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রে জানা যায়, রাজস্ব কর্মকর্তা রমিজ ১ লাখ ঘুষের টাকাসহ আটকের পর তাকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ না করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে।