একুশে বার্তা প্রতিবেদন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে বিমানের ক্যাটারিং থেকে ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ স্বর্ণ আটক করা হয়।
আটককৃতরা হলেন- প্যান্টিম্যান মো. শাহিনূর আলম ও খন্দকার রুহুল আমিন। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২৩৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজে (পালকি) করে ৮০টি স্বর্ণের বার আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। পরবর্তীতে বিশেষ নজরদাড়িতে থাকা ক্যাটারিং সার্ভিসের গাড়ির ট্রে থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্যাটারিং সার্ভিসে কর্মরত দুই জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।
কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী আটকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও অথেলো চৌধুরী জানান।
