ডেক্স রিপোর্ট : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে কমোডের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৭০ পিস স্বর্ণের বিস্কুট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
২২ নভেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের দ্বিতীয় তলার শৌচাগারে স্বর্ণের বারগুলো পাওয়া যায় বলে জানান বিমানবন্দর কাস্টমসের উপ-পরিচালক রিয়াদুল ইসলাম।
তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন আট কেজি ১৯০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা। তবে কোন ফ্লাইটে করে সোনার বারগুলো বিমানবন্দরে এসেছে, কে বা কারা ফেলে যায় সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তাই বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে, ভোরে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ২৯ জন যাত্রীর কাছ থেকে ৭ হাজার ১৮৩ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমস।
এ প্রসঙ্গে রিয়াদুল ইসলাম বলেন, ‘একজন যাত্রী এক কার্টনের বেশি সিগারেট সঙ্গে আনতে পারেন না। একটি ফ্লাইটে এতজন যাত্রী কেন একসাথে এত সিগারেট আনল, সেটাও তদন্ত করে দেখার বিষয়।’
