শেষ হলো ইত্তেফাকের ‘সাংবাদিকতার উৎকর্ষে’ শীর্ষক কর্মশালা

ডেক্স রিপোর্ট : দৈনিক ইত্তেফাকের উদ্যোগে ঢাকার ৪টি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘সাংবাদিকতার উৎকর্ষে’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়েছে।

দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন এই পত্রিকাটির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘অতীত থেকে শিখি, ভবিষ্যতের ভিত গড়ি’ শ্লোগানকে সামনে রেখে চার বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে ইত্তেফাক অসামান্য ভূমিকা পালন করেছিল। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা পত্রিকাটির পথচলায় এর সাংবাদিকরাও বহু কাঠখড় পুড়িয়েছেন। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়াকেও কারাগারে যেতে হয়েছে, কিন্তু তিনি আদর্শে অবিচল থেকে নির্ভীক সাংবাদিকতা করে গেছেন। দেশে সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার ব্যাপারেও মানিক মিয়ার অবদান ছিল। সাংবাদিকতার পাঠ্যক্রমে সেসব বিস্তারিতভাবে উঠে আসেনি।

তিনি আরও বলেন, সাংবাদিকতার উৎকর্ষে’ শীর্ষক কর্মশালা আয়োজনের উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস তুলে ধরা, দেশের স্বাধিকার আন্দোলনে ইত্তেফাকের ভূমিকা তুলে ধরা।

এসময় উপস্থিত ছিলেন- প্রাবন্ধিক ও অনুবাদক আন্দালিব রাশদী, ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের হেড প্রফেসর জ্যুড উইলিয়াম হ্যানিলো, ইত্তেফাকের সহকারী সম্পাদক মিনার মনসুর, সাহিত্য সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইস্পাহানির জেনারেল ম্যানেজার ওমর হান্নান, অ্যাকশন এইডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, ওরেঞ্জির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর খায়রুল আনাম, বিকাশের হেড অব কর্পোরেট শামসুদ্দিন হায়দার ডালিম এবং গ্রিন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদুল মুদাসসির। পরে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি লিবারেল আর্টস-বাংলাদেশ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মশালা আয়োজন করা হয়। এতে সাংবাদিকতা জগতের বেশকিছু বিশিষ্টজনরা সাংবাদিকতার নানা দিক নিয়ে শিক্ষার্থীদের সামনে আলোচনা করেন।