সংবাদ সম্মেলনে রিজভী : রাজনীতিতে মাইনাস টু নয় এবার মাইনাস ওয়ান ফর্মুলা : ১/১১ এর এক্সটেনশন এ সরকার

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন মাইনাস টু নয়, মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়নে সরকার মরিয়া। তবে সরকারের এই চেষ্টা সফল হবে না। খালেদা জিয়াকে আগামী নির্বাচন থেকে মাইনাস করতে জাল নথি তৈরির মাধ্যমে অসত্য মামলায় প্রতিহিংসার বিচারে বন্দি করে রাখা হয়েছে। প্রহসনের ষড়যন্ত্রের নির্বাচনকে প্রতিহত করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশ নেবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

বুধবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, কোথাও কিছু একটা হচ্ছে। তা না হলে হঠাৎ করে এত বছর পর কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক-এগারো সরকারের কথা আলোচনায় তুলে এনেছেন? তিনি তো তাদের সমর্থনেই সরকার গঠন করেছিলেন। হঠাৎ কেন তাদের নিয়েই প্রধানমন্ত্রীর মুখে উল্টো কথা?

রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এক আলোচনা সভায় বলেছেন, এক এগারোর সরকারের সময় তাকে গ্রেপ্তারের পেছনে কারা ছিল সেই তথ্য জানা গেছে। তিনি বলেছেন, তাদের বিষয়ে হিসাব পরে নেয়া হবে। হঠাৎ উনার এমন বক্তব্য রহস্যজনক ও কৌতুহলোদ্দীপক। আমরা জানি, ১/১১ এর সরকারের এক্সটেনশন বর্তমান সরকার। মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য ১/১১ এর সরকার উঠে- পড়ে লেগেছিল। তিনি তাদের সমর্থনে সরকার গঠন করে তাদের শুধু দায় মুক্তি দেননি পুরস্কৃতও করেছেন। কি এমন হলো এতবছর পর তিনি উল্টো কথা বলতে শুরু করলেন। এখনওতো আপনি ক্ষমতায়, তাহলে পরে কেন, এখন বিচারের মুখোমুখি করছেন না কেন এ প্রশ্ন সাধারণ মানুষের।

রিজভী অভিযোগ করে বলেন, ময়মনসিংহের হালুয়াঘাট ও টাঙ্গাইলের এলেঙ্গা পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দলের মদদপুষ্ট সন্ত্রাসীরা ব্যাপক তাণ্ডব শুরু করেছে। এই তাণ্ডবের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে নির্বাচন কমিশনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।