সংবাদ সম্মেলনে খালেদা জিয়া :আমি মাথানত করবো না, জনগণের অধিকার ফিরিয়ে দেব

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন আপনাদের খালেদা জিয়া কোন অন্যায় করেনি, কোন দুর্নীতি করেনি। আমি মাথানত করবো না। আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এই অবৈধ সরকার আদালতকে ব্যবহার করছে। তিনি বলেন , যারা আমার বিরুদ্বে জালিয়াতির মামলা করেছে তাদের বিরুদ্ধে জালিয়াতির মামলা হওয়া উচিত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার আগের দিন  ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে সংবাদ সম্মেলন এ সব কথা বলেন।

উল্লেখ্য, এর আগে গত ৩ ফেব্রুয়ারি লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়া বক্তব্য দেন।

বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে আরো বলেন, শাসকমহল সংসদ বহাল রেখে নির্বাচন করতে চায়। একবছর আগে থেকে শাসকমহল নির্বাচনী প্রচারনায় নেমেছে। তিনি বলেন , সংসদ ভেংগে দিয়ে  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, সরকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আদালত রায় দেয়ার আগেই শাসকমহল বলে বেড়াচ্ছে আমার জেল হবে। কাজেই আদালত শাসকমহলের কথার বাইরে রায় দিতে সাহস পাবে না।

বেগম জিয়া বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের একটি টাকাও সরকারি টাকা নয়। একটি টাকাও তছরুপ করা হয়নি , বরং টাকা আরো দ্বিগুন হয়েছে। তিনি বলেন, এই মিথ্যা মামলায় ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়কে ক্ষমা করে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংবাদ সম্মেলন চলছিল।