জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি (NCASC) পুনর্গঠন

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্মত করার লক্ষ্যে জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি (National Civil Aviation Security Committee–NCASC) পুনর্গঠন করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে পুনর্গঠিত এ কমিটির কাঠামো, কার্যপরিধি এবং দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, সহ-সভাপতি থাকবেন প্রতিমন্ত্রী। এছাড়া মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য-সচিব হিসেবে থাকবেন বেবিচকের সদস্য (নিরাপত্তা)।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি দেশের বেসামরিক বিমান চলাচল খাতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৌশলগত ও প্রযুক্তিগত উন্নয়ন, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে আন্তঃসংস্থার সমন্বয়, জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়ন ও সংশোধন, বিমানবন্দরের নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন, সংশ্লিষ্ট কমিটিগুলোর সুপারিশ পর্যালোচনা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI) সংক্রান্ত নির্দেশনার আলোকে জাতীয় বিমান চলাচল নিরাপত্তা কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতেও কমিটি ভূমিকা পালন করবে।

প্রয়োজনে বিমান চলাচল নিরাপত্তা-সংক্রান্ত বিশেষজ্ঞদের অ্যাড-হক সদস্য হিসেবে সভায় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। এছাড়া নতুন প্রযুক্তি, ব্যবস্থা ও বিধান যাচাই-বাছাইয়ের জন্য প্রায়োগিক কৌশলসংক্রান্ত উপকমিটি গঠনেরও বিধান রাখা হয়েছে। কমিটি বছরে ন্যূনতম দুইবার সভা করবে।

সরকারের এ উদ্যোগ দেশের বিমানবন্দর ও সামগ্রিক বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর, সমন্বিত এবং আন্তর্জাতিক মানদণ্ডসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।