সংবাদ সম্মেলনে রিজভী : খালেদার মুক্তি ও শেখ হাসিনার পতন একসঙ্গে হবে

একুশে বার্তা প্রতিবেদন : কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন একসঙ্গে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনাদের সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ‘আর বেশি সময় নেই, তাই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর তা না হলে জনগণ আর অপেক্ষা করবে না। জনগণের আন্দোলনের মুখে খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পতন একসঙ্গে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে এবং মানুষের ভোটের অধিকার ফিরে পেতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের বিজয় অতি সন্নিকটে। বন্দুকের জোরে মানুষের গণতান্ত্রিক অধিকারকে দমিয়ে রাখা যাবে না।’

রিজভী বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে বলতে চাই, আপনি কী জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন? আপনি তো নিজের ভোটও নিজেকে দেননি। দেশ পরিচালনা করতে আপনাদের তো জনগণের ভোটের প্রয়োজন হয় না। তাই আপনাদের মুখে জনগণের নিকট ভোট চাওয়ার কথা রসিকতা ছাড়া আর কিছুই নয়।

রিজভী বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার বিএনপি দলীয় আইনজীবীদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি আইনজীবীদের বলেছেন, তারা যেন বিএনপি চেয়ারপার্সনের পক্ষ থেকে দেশের জনগণ, দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাংবাদিকদের নববর্ষের শুভেচ্ছা জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।