আন্তর্জাতিক ডেক্স : সিরিয়ার উত্তরাঞ্চলের আফরিন শহরে কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। স্থানীয় সময় শনিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তুরস্ক।
বিবিসির খবরে বলা হয়,সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আফরিন শহরটি নিয়ন্ত্রণ করে একটি সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী-ওয়াইপিজি। তুরস্ক এই কুর্দি মিলিশিয়াদের সন্ত্রাসী বলে গণ্য করে। তাদের উৎখাত করতেই এই হামলা বলে জানিয়েছে দেশটি। তবে হামলায় হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।
তুরস্কে পিকেকে নামের একটি কুর্দি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আজ যাদের ওপর বিমান হামলা চালানো হয়েছে তাদের ওই গোষ্ঠীর সহযোগী বলেই মনে করে তুরস্ক।
যুক্তরাষ্ট্র এই কুর্দি বিদ্রোহীদে নিয়ে ৩০ হাজার সদস্যের একটি সীমান্ত রক্ষীবাহিনী তৈরি করতে চায় বলে খবর প্রকাশের পর তুরস্ক উদ্বিগ্ন হয়ে পড়ে। সিরিয়ায় যাতে আবার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান না ঘটে সেজন্যে এ ধরনের বিদ্রোহীদের কাজে লাগানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আসলে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করতে চাইছে। তিনি এই চেষ্টা ব্যর্থ করে দেবেন বলে হুঁশিয়ারি দেন।
২০১২ সাল তুরস্কের সামরিক বাহিনী আফরিন অঞ্চলের কুর্দি যোদ্ধাদেরকে উৎখাত করার চেষ্টা করছে।
