সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ভিডিও, সেই তরুণসহ ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

প্রবাস ডেক্স : গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণসহ মোট ৫১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার অভিযোগ ছিল ওই তরুণের বিরুদ্ধে। তার আশ্রয় চেয়ে করা তিনটি আবেদনই প্রত্যাখ্যাত হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় গ্রিক কর্তৃপক্ষ।
গ্রিসের সংবাদমাধ্যম ‘প্রোটো থেমা’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ওই তরুণ দাবি করেছিলেন, গ্রিসে অবৈধভাবে অবস্থান করলেও পুলিশি তল্লাশি কিংবা বহিষ্কারের ভয় নেই। এ ধরনের বক্তব্য দিয়ে তিনি বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করছিলেন। পরপর তিনবার আশ্রয়ের আবেদন করেও অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত তাকে ফেরত পাঠানো হয়।
প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এথেন্স থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ওই তরুণসহ ৫১ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। তার আশ্রয়ের আবেদনগুলো আইনগতভাবে নিষ্পত্তি হওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
তবে গ্রিক সংবাদমাধ্যমটি ওই তরুণের নাম-পরিচয় প্রকাশ করেনি। একই ফ্লাইটে থাকা অন্য ৫০ বাংলাদেশিকে কী কারণে ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই তরুণকে আইনি সহায়তা দিয়েছিল। তার তিনটি আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হওয়ার পরও দুটি পৃথক আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রিসে অবস্থানের সুযোগ ধরে রাখার চেষ্টা করেন সংস্থাটির আইনজীবীরা। তবে শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।
গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের কাছে ঘটনাটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটির সরকারের অবস্থান, একাধিকবার আবেদন করে অবস্থানের সময় বাড়ানোর চেষ্টা করলেও আইনগত ভিত্তি না থাকলে কাউকে দেশটিতে থাকার সুযোগ দেওয়া হবে না।
এ বিষয়ে গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস বলেন, আইনি শর্ত পূরণ করতে না পারলে কোনো বিদেশি নাগরিককে গ্রিসে অবস্থানের অনুমতি না দেওয়ার সরকারি নীতির বাস্তব প্রতিফলন এই ঘটনা।
বিতর্কিত ভিডিও থেকেই ঘটনার সূত্রপাত
প্রতিবেদন অনুযায়ী, গত জুনের শেষ দিকে নাফপ্লিও শহরে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ওই বাংলাদেশি তরুণকে বৈধ কাগজপত্র ছাড়াই গ্রিসে আসার জন্য অন্যদের উৎসাহিত করতে দেখা যায়।
ভিডিওতে তিনি দেশটিতে কাজের পর্যাপ্ত সুযোগ রয়েছে বলে দাবি করেন। এমনকি কয়েক দশক অবৈধভাবে অবস্থান করলেও পুলিশি তল্লাশির আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন।
ভিডিওটি গ্রিক কর্তৃপক্ষের নজরে আসার পর বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেন অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস। তার মতে, এ ধরনের প্রচারণা গ্রিসের অভিবাসন নীতি সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করে। একই সঙ্গে মানবপাচারকারী চক্রগুলো এসব বক্তব্যকে কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী প্রবেশের সুযোগ নিতে পারে।
এরপর হেলেনিক পুলিশ ওই তরুণকে শনাক্ত করে তার বিরুদ্ধে মামলা করে। পাশাপাশি তার বসবাসের অনুমতি বাতিল এবং দেশ থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। গত ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তার রেসিডেন্স পারমিট বাতিল করা হয়।
কঠোর হচ্ছে গ্রিসের অভিবাসন নীতি
এই ঘটনায় সবচেয়ে আলোচিত বিষয় হলো, ওই তরুণের বারবার আশ্রয়ের আবেদন এবং সেগুলো ঘিরে আইনি লড়াই। তিন দফায় আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরও একটি এনজিওর আইনজীবীরা তাকে গ্রিসে রাখার চেষ্টা চালিয়ে যান। তবে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তে তাকে দেশে ফিরতে হয়েছে।
গ্রিক সরকারের বক্তব্য, ধারাবাহিকভাবে আবেদন জমা দিয়ে দেশটিতে অবস্থানের সময় বাড়ানোর প্রবণতা ঠেকানো জরুরি। এ কারণে আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি এবং যাদের অবস্থানের আইনগত ভিত্তি নেই, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রত্যাবাসনের হার বেড়েছে প্রায় ২০ শতাংশ। এ সময়ে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার বেড়েছে ৪১ শতাংশ।
এ ছাড়া অবৈধভাবে প্রবেশ ও অবস্থান ঠেকাতে অভিবাসনসংক্রান্ত আইন আরও কঠোর করছে গ্রিস। একই সঙ্গে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।