স্বাস্থ্য অধিদপ্তর : দুদকের জালে ধরা সেই আবজাল-রুবিনা দম্পতির সম্পদ জব্দ

ডেক্স রিপোর্ট : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের মুখে থাকা বরখাস্ত হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারী আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রয়-বিক্রয় ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদন শুনে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি জানান, আবজাল ও তার স্ত্রীর নামে ব্যাংক হিসাবগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ করা হয়েছে। ওই হিসাবগুলো সংশ্লিষ্ট ব্যাংকের তত্ত্বাবধানে থাকবে। ব্যাংক থেকে কোনো অর্থ ওঠাতে পারবে না তারা। আর স্থাবর ও অস্থাবর সম্পদ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে থাকবে।

এই মামলার তদন্ত কর্মকর্তা শামসুল আলম জানান, তাদের নামে ঢাকায় ১৪টি আলিশান বাড়ি ও প্লটের সন্ধান মিলেছে। এর মধ্যে ঢাকায় আবজালের নামে ছয়টি বাড়ি ও প্লট আর স্ত্রী রুবিনা খানমের নামে ঢাকায় আরও আটটি বাড়ি ও প্লটের হিসাব পাওয়া গেছে। ঢাকার বাইরে ফরিদপুর ও খুলনায় রয়েছে তাদের অঢেল সম্পদ। আবজাল ও তার স্ত্রীর প্রাথমিক যে হিসাব দিয়েছেন তার আলোকে আদালতে আবেদন করা হয়। এদিকে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে আবজালের স্ত্রী রুবিনা খানমকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ দিয়েছে দুদক। আগামী সাত কর্মদিবসের মধ্যে বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। অন্যদিকে আবজালের দুই ভাই ও তিন শ্যালকের গতকাল দুদকে হাজির হওয়ার নির্ধারিত দিন থাকলেও তারা তিন সপ্তাহ সময় চেয়েছে।