২৬ জানুয়ারি থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু

একুশে বার্তা প্রতিবেদন : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষ্যে ২৬ জানুয়ারি  শুক্রবার থেকে সারাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু হচ্ছে।

এ সফরের অংশ হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি এবং কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. সাহারা খাতুন এমপি, অ্যাড. আব্দুল মান্নান খান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, মুকুল বোস, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য নুরুল মজিদ হুমায়ুন এমপি, আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন নেসা ইন্দিরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য অ্যাড. কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি, অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার উপস্থিত থাকবেন।

এছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের একটি টিম বগুড়ায় সাংগঠনিক সফরে যাবেন।