৩ ঘন্টা পর শাহজালালে বিমান চলাচল আবার স্বাভাবিক

স্টাফ রিপোর্টার : শাহজালালে  তিন ঘন্টা পর পুনরায় বিমান উড্ডয়ন- অবতরণ আবার  শুরু হয়েছে বলে জানিয়েছে  বিমানবন্দরে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ।

মঙ্গলবার দুপুর ৩ টায় বিমান ওঠানামা শুরু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজের (টিজি ৩২১) চাকা ফেটে গেছে। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন।

ঘটনার পর বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজের উঠা-নামা বন্ধ রাখা হয়েছিল। রানওয়েতে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ জানান, থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) উড়োজাহাজটি ব্যাংকক থেকে যাত্রা শুরু করে মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু রানওয়েতে পানি জমে থাকায় উড়োজাহাজটি রানওয়ের একটু পাশে অবতরণের চেষ্টা করলে এর একটি চাকা ফেটে যায়। এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন। তবে উড়োজাহাজে কতজন যাত্রী ও ক্রু ছিল তা তিনি বলতে পারেননি।

এ ব্যাপারে তদন্ত কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।