ডেস্ক রিপোর্ট:অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে Omni Air পরিচালিত বিশেষ ফ্লাইট OAE2323-এ তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিরা ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেছিলেন। পরবর্তী সময়ে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্রে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণ করতে পারেননি। পরে মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি তাদের জন্য হালকা খাবারেরও ব্যবস্থা করা হয়।
ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দুপুর সাড়ে ১টার দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে। এ প্রেক্ষাপটে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ উপায়ে যাত্রা করা এবং গন্তব্য দেশের অভিবাসন আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
