বিনোদন ডেক্স : অবশেষ সব শঙ্কা কাটিয়ে ঢাকা-১৭ আসনের নৌকার মাঝি থাকলেন ফারুক। আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন পেলেন তিনি। শুক্রবার সকালে এ বিষয়ে দলের পক্ষ থেকে নিশ্চিত হয়েছেন বলে জানান এই অভিনেতা। এর আগে গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসন থেকে নায়ক ফারুক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু সেই আসন থেকে দলের পক্ষে তাকে মনোনয়ন না দিয়ে ঢাকা-১৭ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে লড়াইয়ের টিকিট পান। এই আসন থেকেও শেষ পর্যন্ত মনোনয়ন পাবেন কি না এ ব্যাপারেও শঙ্কা তৈরি হয়েছিল। সব আশঙ্কা দূর করে অবশেষে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে লড়াইয়ের চূড়ান্ত মনোনয়ন পেলেন। ফারুক বলেন, ‘আমি জানতাম নেত্রী আমার ওপর আস্থা রাখবেন।
সকালে দলের পক্ষে নানক সাহেব ও ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) আমাকে ফোন দিয়ে ঢাকা-১৭ আসনে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করলেন। পার্টি অফিস থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করতে বলেছেন। রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত। ওই আসন থেকে ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। ২০১৪ সালে নির্বাচনে জয় পেয়েছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ।
