স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাটন ফোন লুকিয়ে বের করার সময় এক আনসার সদস্যকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, গত ৫ অক্টোবর রাতের শিফটে ডিউকালিন সময়ে আনসার সদস্য জেনারুল ভস্মীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করছিলেন এবং ঘটনাস্থলেই গ্রেফতার হন।
শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম গত ৫ নভেম্বর নাইট শিফটে দায়িত্ব পালন করছিলেন। পরে লোভের বশবর্তী হয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে পোড়া ভবনের ভেতর থেকে ভস্মীভূত দ্রব্যাদি হতে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনা করে, আনসার মহাপরিচালকের নির্দেশনাক্রমে সংশ্লিষ্ট আনসার সদস্যকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের অনৈতিক চর্চার ক্ষেত্রগুলো ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তবে সমূলে উৎপাটন করতে আরও অধিক মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনা ইতোমধ্যে জোরদারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
ইতোমধ্যে বাহিনী প্রধান পে-কমিশন চেয়ারম্যানের কাছে আনসার সদস্যদের যৌক্তিক বেতন বৃদ্ধির আবেদন করা হয়েছে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবেদনশীল ঝুঁকিপূর্ণ ডিউটির ক্ষেত্রে আনসার সদস্যদের আরও বেশি নিবেদিত ও নৈতিক অবস্থানকে সুদৃঢ় করতে হবে। এলক্ষ্যে প্রেষণামূলক পদক্ষেপ অধিক কার্যকর করার বিষয়েও জানানো হয়।
