এবার বিমানে ইয়াবা পাচার : রুট কক্সবাজার- চট্রগ্রাম- শাহজালাল বিমানবন্দর : শাহজালালে প্রায় ৩ হাজার ৮শ’ পিচ ইয়াবাসহ নারী যাত্রী রিমা গ্রেফতার

একুশে বার্তা প্রতিবেদন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার ৮০০ ইয়াবাসহ রিমা ঘোষ নামের এক নারী যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ (এএপি)। সোমবার সকাল পৌনে ১১টার দিকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিমার বাড়ি চট্টগ্রামের বোয়ালমারী।

এএপি’র সিনিয়র এএসপি তারিক আহমেদ সাদিক বলেন, সকালে নভো এয়ারের একটি ফ্লাইটে (ভিকিউ-৯৩২) কক্সবাজার থেকে ৮ মাস বয়সী এক সন্তানসহ রিমা ঢাকায় আসেন। পরে সন্দেহের বশে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে তার শরীরে বাঁধা অবস্থায় এবং সঙ্গে থাকা বার্মিজ আচারের প্যাকেট থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, কক্সবাজারের জনৈক ইমরান নামের একজন তার কাছে ইয়াবাগুলো দিয়েছেন। ঢাকায় ইমরানের স্ত্রীর ইয়াবাগুলো রিসিভ করার কথা ছিল। রিমা আরও জানিয়ছেন, কক্সবাজার-ঢাকা সড়কপথে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকায় বিমানে ইয়াবা নিয়ে এসেছিলেন।