করোনায় আক্রান্ত ১৫ মন্ত্রী-এমপি

নিউজ ডেক্স :  জাতীয় সংসদের মুলতবী বাজেট অধিবেশন আগামী ২৩ জুন সকালে আবার বসবে। এদিকে, ইতোমধ্যে চলতি সংসদের ১৫ জন সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এরমধ্যে মন্ত্রী পরিষদের সদস্য রয়েছেন ৪ জন। মারা গেছেন ১ জন। তিনি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। কোভিড-১৯ সংত্রুমিত হওয়ায় খবরে আতংক বিরাজ করছে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্যদের মধ্যে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অপরদিকে, সংসদ সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ ও আনসার শতাধিক সদস্যও কোভিড-১৯ শনাক্ত হন। তাদের অনেকে চিকিৎসাধীন আছেন। আবার এদের অনেকে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন বলে জানা গেছে।

মহামারি কোভিড-১৯ শনাক্ত সর্বশেষ হয়েছেন গত শনিবার ২০ জুন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি তার মীরপুর বাসায় আইসেলেশনে রয়েছেন।

যে ৪ জন মন্ত্রী শনাক্ত হয়েছেন তারা হলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু , বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
তাদের মধ্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন। বাকী ৩ জন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালোর দিকে বলে জানা গেছে।

এদিকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্তের পর ব্রেন স্ট্রোক করে মারা যান। যদি মারা যাবার সময় তার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ ছিলো।

গত শুক্রবার সাবেক এলজিআরডিমন্ত্রী ও ফরিূপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কোভিড-১৯ শনাক্ত হন। বর্তমানে তিনি জাতীয় সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির দায়িত্ব পালন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের শ্বশুর। তিনি গুলশানে তার বাসায় ডাক্তারের পরামর্শে চিকিৎসায় রয়েছেন।

এছাড়া সাবেক হুইপ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো শহিদুজ্জামান সরকার, রেল মন্ত্রণালয় বিষয়ক সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন সপরিবারে, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, চট্টগ্রাম-১৬ আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী সপরিবারে, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, সাবেক চীফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের উপাধ্যক্ষ আবদুস শহীদ ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান করোনায় শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

এদিকে পরিবারের সদস্যদের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন, এমপি শেখ তন্ময়, যশোর-৩ আসনের আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ, রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী ও টাঙ্গাইল-৬ আসনের আহসানুল ইসলাম টিটু আইসোলেশনে ছিলেন। গতকাল রাতে টিটু একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অংশ নেন।
অপরদিকে, বাজেট অধিবেশনে প্রবীণ ও অসুস্থ সংসদ সদস্যরা অনুপস্থিত রয়েছেন।
বাজেট অধিবেশনে ১৫ জুন বিদায়ী অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়। এরপর অধিবেশন মুকতবী করা হয় আগামী ২৩ জুন সকাল সাড়ে ১০ টা পর্যন্ত।

সংসদ সচিবালয়ের বাজেট অধিবেশন ক্যালেন্ডারে ১৬, ১৭ ও ১৮ জুন মূল বাজেট আলোচনার দিন নির্ধারিত ছিলো। তবে মূল বাজেট আলোচনায় না গিয়ে ২৩ জুন পর্যন্ত মুলতবী করা হয়।
ক্যালেন্ডার অনুযায়ী ২২, ২৩ ও ২৪ জুন দ্বিতীয় পর্বে মূল বাজেট আলোচনার দিন নির্ধারিত ছিলো। ২৯ জুন মূল বাজেট সমাপনী আলোচনা ও ৩০ জুন বাজেট পাস হবে।
জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে কার্যদিবস কমিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বুঝে সংক্ষিপ্ত হচ্ছে বাজেট কার্যদিবস।