দেশের উত্তরাঞ্চল উন্নয়নে ৫১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে কুয়েত

একুশে বার্তা  প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলের ৫১টি পৌরসভার অবকাঠামো উন্নয়নে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি) ২ শতাংশ সুদে ৫১ মিলিয়ন ডলার ঋণ দেবে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং কেএফএইডি’র উপ-মহাপরিচালক হামাদ আল-ওমর নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ছোট ও মাঝারি ৫১ পৌরসভার সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় ৮৮৬ কোটি ৬০ লাখ টাকা। বাকি ব্যয় সরকারি খাত থেকে মেটানো হবে।

প্রকল্পের আওতায় পৌরসভার কৃষি, শিল্প, অর্থনৈতিক উন্নয়ন, উন্নত নাগরিক সুবিধা ও নিষ্কাশন ব্যবস্থা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া পৌরসভার লাইটিং এবং অন্যান্য নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে আর্থসামাজিক সুবিধা বৃদ্ধি করা হবে।

প্রকল্প ঋণের সুদের হার ২ শতাংশ। ২৫ বছরে সুদসহ সব অর্থ কুয়েত সরকারকে পরিশোধ করতে হবে।