নিউজ ডেক্স : পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যের দাম কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। একই সঙ্গে সরকারি নির্ধারিত খাজনার বাইরে অতিরিক্ত টোল আদায়কারীদের বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজি মামলার হুঁশিয়ারি দিয়ে স্থানীয় প্রশাসন ও বাজার সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমপি মাজেদ বাবু রমজানজুড়ে উপজেলাব্যাপী সুলভমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। তিনি এ কর্মসূচি বাস্তবায়নে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
পোস্টে তিনি লেখেন- রমজান উপলক্ষে সুলভমূল্যে গরুর মাংস বিক্রি করতে চাই। আমি চাই সবাই এগিয়ে আসুক। গতবার যেমন প্রতিযোগিতা ছিল, এবারও ইসলামী দলসহ সবাই অংশ নিক— অন্তত গরিব মানুষ উপকৃত হবেন। রাজনীতি মানুষের কল্যাণে হোক। সবাই মিলে আমরা ভালো ঈশ্বরগঞ্জ গড়ি।
সংসদ সদস্য আরও বলেন, বাজারে যাতে কোনো অসাধু সিন্ডিকেট দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বাড়াতে না পারে, সেজন্য হাট-বাজার মনিটরিং টিম গঠনের প্রয়োজন রয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে বিভিন্ন স্থানে সরকারি নির্ধারিত খাজনার বাইরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ওঠায় কঠোর অবস্থান নেন এমপি মাজেদ বাবু। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন— বৈধ টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজি মামলা দায়ের করা হবে।
সংসদ সদস্যের এমন জনকল্যাণমুখী ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় জনমহলে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই তার উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করছেন। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে এ ধরনের পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
তরুণদের একটি অংশ ইতোমধ্যে তাকে ব্যতিক্রমী ও কঠোর অবস্থানের কারণে ‘ফাটাকেষ্ট’ এমপি হিসেবেও আখ্যায়িত করতে শুরু করেছেন।
রমজানকে কেন্দ্র করে বাজার নিয়ন্ত্রণ, সুলভমূল্যে খাদ্য সরবরাহ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের এ ঘোষণাকে ঈশ্বরগঞ্জে নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন স্থানীয় বিশ্লেষকরা। জনস্বার্থে ধারাবাহিক এমন উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলেও মনে করছেন তারা।
