শাহজালালে এপিবিএন কর্তৃক আনুমানিক ছয় হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক।

ডেক্স রিপোর্ট :হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দুইজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা আনুমানিক ৬ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এপিবিনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।

আজ অপরাহ্নে নিয়মিত টহল চলাকালীন সময়ে বিমানবন্দর সংশ্লিষ্ট এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে সাদ্দাম হোসেন(১৫) এবং মোঃ আমিন(১৪)নামের দুইজনকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টহল দলের সন্দেহ হয়। তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এলোমেলো কথাবার্তা বলতে থাকেন। সন্দেহ আরো ঘনীভূত হলে তাদেরকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হয় এবং তল্লাশি করা হয়। তল্লাশির পর তাদের দুইজনের জিম্মা হতে আনুমানিক ৬ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিংগা বলে পরিচয় দেন। সাদ্দামের পিতার নাম মোঃ সেলিম এবং মোঃ আমিনের পিতার নাম সালাম বলে জানা যায়। তারা দুজনই টেকনাফে ২৪ নাম্বার রোহিংগা ক্যাম্পের অধিবাসী বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা আরো জানান, ঢাকায় অবস্থানরত একজনের কাছে এসকল ইয়াবা হ্যান্ডওভার করতেন তারা। অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।