সিভিল এভিয়েশন : সিডি-২-এর কাওলার স্টাফ কোয়ার্টারে বিভিন্ন টাইপের ভবনের মেইনটেনেন্স এডভান্স ঠিকাদারি কাজ চলছে : ব্লাকবল, চীফের নির্দেশ, ইস্টিমেট তৈরি : তদারকি করছেন ৩ উপসহকারি প্রকৌশলী: গত অর্থবছরের কাজে এক্সইনের ‘না’

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনে সিভিল ডিভিশন-২-এ কাওলার স্টাফ কোয়ার্টারের বিভিন্ন টাইপের ভবনের সংস্কার কাজে ব্লাকবল করা হয়েছে।  কোটি টাকার ওপরে কাজের ইস্টিমেট বা প্রাক্কলন তৈরি করা হয়েছে। প্রধান প্রকৌশলীর নির্দেশে ব্লাকবল ইস্টিমেট করা হয়েছে বলে সিডি-২ অফিস সুত্রে জানা গেছে। ইস্টিমেট তৈরি করেছেন  ৩ উপসহকারি প্রকৌশলী । তবে এই ইস্টিমেট এখনও প্রধান প্রকৌশলীর দপ্তরে জমা হয়নি।
এ দিকে কোন রকম ইস্টিমেট, টেন্ডার ছাড়াই কাওলার কোয়ার্টারে ‘ই’ , এফ , ইউ ‘ টাইপের ভবনের সংস্কার চলছে । এ কাজগুলো তদারকি করছেন উপসহকারি প্রকৌশলী  হাফিজ, জাহিদ এবং নেপাল। মাঝেমধ্যে এক্সইন কাজ পরিদর্শনে যাচ্ছেন। বাবু , মোশতাক এবং রাফিজ  নামের তিন  ঠিকাদার এডভান্স ঠিকাদারি  কাজ করছেন। ইতিমধ্যেই একটি ভবনের ৩২ লাখ টাকার কাজ ইস্টিমেট/টেন্ডার ছাড়াই দেয়া হয়েছে। এ কাজটি মাঠ পর্যায়ে চলছে বলে জানা যায়।
ইতিমধ্যেই সিডি-২-এর ইক্সইন নাকি ঠিকাদারদের স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ার্কার্স প্লানে কাজের তালিকা থাকলেও গত অর্থবছরের কোন কাজ করা হবে না। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ঠিকাদাররা বলে বেড়াচ্ছেন একটি কাজের ইস্টিমেট থেকে প্রশাসনিক অনুমোদন করা পর্যন্ত আমাদের অনেক কাঠখড় পোড়ানো হয়েছে ,এখন কাজ করতে না পারলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।
এ ব্যাপারে জানতে প্রধান প্রকৌশলীর মোবাইল ফোনে কল করলেও ব্যস্ততার কারণে কথা বলা সম্ভব হয়নি। চলবে