সুলতান সুমন , সিলটে : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার পর সিলেট নগরীতে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্রলীগ। এসময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার নগরের জিন্দাবাজার, বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ-শেখ রাসেল শিশু কিশোর সংগঠন নেতা ও পথচারিসহ প্রায় ১৫-২০জনের মত আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে বলেও জানা গেছে।
সংর্ঘষে আহতদের মধ্যে রয়েছেন, আলাউদ্দিন ও শামীম নামে দুই পুলিশ সদস্য, শেখ রাসেল শিশু কিশোর সংঘ দক্ষিণ সুরমা লালাবাজর ইউপির সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, সিলেট জজ আদালতের পান দোকানি ও গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর নয়াগ্রামের বাসিন্দা জয়নুল ইসলাম। আহতদের মধ্যে জয়নুল ইসলামের বাম পা ভেঙ্গে গেছে । তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া পুলিশের দুই সদস্যও ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ওয়াহিদুর রহমান প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
এসএমপির কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান, বৃহস্পতিবার রায়ের পরপরই নগরীর কোর্ট পয়েন্ট ও বন্দরবাজারে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।ভাংচুরকৃত গাড়িগুলোর মধ্যে রয়েছে, সিএজি অটোরিক্সা নং, সিলেট-থ ১১-৪৬৬৯, সিলেট-থ ১২-২০৫৩ ও নোয়া গাড়ি নং ঢাকা মেট্রো-চ-১৩-৪৯১৯, প্রইভেট কার নং ঢাকা মেট্রো-ক-০৩-৭০২৮ গাড়িগুলো সহ আরো বেশ কয়েকটি মোটর সাইকেল ও গাড়ি ভাংচুর করা হয়। আর এসকল গাড়ি সিলেট জজ আদালত প্রাঙ্গনে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়ের পরপরই বিএনপি, সেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতা-কর্মীরা আদালত এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ মিছিল লক্ষ্য করে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এসময় জেলা পরিষদে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা ধাওয়া দিলে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান দাবি করেন, রায়ের পরপরই বিএনপি-জামায়াত ও শিবির কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হওয়ার এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছিল। আওয়ামী লীগ নেতাকর্মীরা তা প্রতিহত করার চেষ্টা করেছে।
অভিযোগ অস্বীকার করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ গুলি শুরু করে। এরপর সশস্ত্র আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মীরা মিছিলে হামলা করে।
এদিকে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টার দিকে নগরীর চৌহাট্টার দিক থেকে ছাত্রদলের একটি মিছিল জিন্দাবাজার পয়েন্টে এসে সড়ক অবরোধ করে মিছিল করতে থাকে। প্রায় ২০ মিনিটের মতো সেখানে অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা। এসময় পুরো সড়ক জোরে আতঙ্ক বিরাজ করে। সড়ক দিয়ে চলাচলকারীরা আতঙ্কিত হয়ে দিকবেদিক ছুটাছুটি করতে থাকেন। বিকেল ৫টা ৫ মিনিটে একদল পুলিশ এসে ছাত্রদলকর্মী-সমর্থকদের ধাওয়া দিলে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিন্দাবাজার এলাকায় দোকান পাট বন্ধ ছিল। জিন্দাবাজার পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, সরকারি টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরে কারাদন্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। বাকি চার আসামি হলেন, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। জেলের পাশাপাশি প্রত্যেককে দুই কোটি দশ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
