ডেক্স রিপোর্ট : বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব বলেছেন, ড. কামাল হোসেন তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করতে চাচ্ছেন। একাত্তরের ড. কামাল আর আজকের ড. কামাল এক নন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সম্প্রতি বাংলাদেশ’ আয়োজিত আলোচনাসভার তিনি এ কথা বলেন।
হারুন হাবিব বলেন, ড. কামাল হোসেন নাকি দেশ বাঁচাতে ঐক্যফ্রন্ট করেছেন! জাতি জানতে চায়, তিনি কার হাত থেকে দেশ বাঁচাতে চান? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাত থেকে? মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নকারী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত থেকে? তিনি কার কাছে দেশ তুলে দিতে চান- রাজাকারদের পৃষ্ঠাপোষক ও দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তারেক, খালেদা জিয়ার হাতে? কিন্তু এ দেশের তরুণরা তা হতে দেবে না।
তরুণরা কী করতে পারে একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিয়ে দিয়েছে। এবারও তরুণরা আওয়াজ তুলেছে, নতুন প্রজন্মের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক।’
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. নুজহাত চৌধুরী।
সাবেক রাষ্ট্রদূত ও সচিব এ কে এম আতিকুর রহমান বলেন, বিএনপির কোন সদস্য যাতে কোন আসনে (নির্বাচিত হয়ে) আসতে না পারে তরুণ সমাজকে তা দেখতে হবে। মনে রাখতে হবে যুদ্ধাপরাধ ও স্বাধীনতা বিরোধীতার কারণে জামায়াতের প্রতিটি সদস্য নির্বাচনের অযোগ্য।
ডা. নুজহাত চৌধুরী বলেন, একটি ভোট শুধু একটি সরকার বদল করে না, সেই সঙ্গে একটি জাতির গতিপথ পরিবর্তন করে দিতে পারে। সম্মুখ যাত্রার পথও রুদ্ধ করে দিতে পারে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক রাষ্টদূত ও সচিব এ কে এম আতিকুর রহমান, ইমদাদুল হক মিলন, নায়ক ফেরদৌস, গবেষক ও কলামিস্ট সুভাস সিংহ রায়, বিএমএ নেতা ডা. মাহবুবুর রহমান, ডা. ইফতেখার আলম অনন্ত, ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাংবাদিক নেতা বরুণ ভৌমিক নয়ন প্রমুখ। সূত্র: আমাদের সময় ডটকম
