আইজিপি বললেন : খালাস পাওয়া মিজানের বিরুদ্ধে আপিল করা হবে

ডেক্স রিপোর্ট : হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আদালত সাতজনকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় দিয়েছে তাতে পুলিশ সন্তুষ্ট। তবে মিজান নামে একজন যে খালাস পেয়েছেন তার বিষয়ে আমরা আপিল করব।’

২৭ নভেম্বর বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে কাবাডি ফেডারেশনের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘তদন্ত কর্মকর্তারা নিরলসভাবে যে তদন্ত কার্যক্রম চালিয়েছেন, রায়ে আমরা সে ফল পেয়েছি। তবে যে একজন খালাস পেয়েছেন, আদালতের রায় পর্যবেক্ষণ করে এর বিরুদ্ধে আপিল করা হবে।’

এর আগে এসএ গেমসের জন্য জাতীয় কাবাডি পুরুষ ও নারী দলের নাম ঘোষণা করেন জাতীয় কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই মামলার রায় ঘোষণা করে আদালতে। রায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেয়া হয়।