একুশে বার্তা প্রতিবেদন : খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ৮ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে অবস্থান কর্মসূচি করবে বিএনপি। পূর্বঘোষণা অনুযায়ী উল্লিখিত কর্মসূচি মহানগর ও জেলা সদরে অনুষ্ঠিত হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদ- দেয় ঢাকার বিশেষ জজ আদালত। এর পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। রায়ের পর থেকে বিএনপি খালেদা জিয়ার নির্দেশে ও তারেক রহমানের পরামর্শে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি করছে দলটি। বিএনপির এই কর্মসূচি কূটনৈতিক পর্যায়ে প্রশংসা পেয়েছে বলে দলটির নেতাদের দাবি।
এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা অবস্থান কর্মসূচি হবে। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে সব পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। একই কর্মসূচি জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে করতে নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।
