একুশে বার্তা ডেক্স : বাড়ি ফিরতে গিয়ে দীর্ঘ যানজটে আটকে পড়ে একজন নারী মহাসড়কে সন্তান প্রসব করেছেন। বিবিসি বাংলা জানায়,
৪ জুন মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর এলাকায় ওই মেয়ে শিশুটির জন্ম হয়। সড়কের ওপর জন্ম হওয়ায় শিশুটির নাম রাখা হয়েছে সরণি।
শিশুটির বাবা হাবিব হোসেন গাজীপুরে শ্রমিক হিসাবে কাজ করেন। সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে সোমবার রাতে তিনি কুড়িগ্রামে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
কিন্তু সোমবার রাত থেকেই টাঙ্গাইল মহাসড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। উত্তরবঙ্গের যাত্রীদের এ সময় চরম ভোগান্তিতে পড়তে হয়।
একপর্যায়ে যমুনা সেতুর টোলপ্লাজা বন্ধ করেও দেয়া হয়েছি। বিক্ষুব্ধ যাত্রীরা একজন ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন জ্বালিয়ে দেন।
হাবিব হোসেন বিবিসি বাংলাকে বলছেন, ”সোমবার রাতে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। বাসে উঠতেও অনেক দেরি হইছে। যমুনা সেতুর অনেক আগে থেকে লম্বা যানজট শুরু হয়। দীর্ঘসময় যানজটে আটকে থাকা আর গাড়িতে বসে থাকার ফলে আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। একপর্যায়ে পানি ভাঙ্গতে শুরু করলে বাস থেকে নেমে পথের পাশেই শুয়ে পড়েন।”
এ সময় বাসযাত্রীদের সহযোগিতায় পথের ওপরেই তার স্ত্রী একটি কন্যা শিশুর জন্ম দেন।
