এরশাদের চেহলাম আজ

ডেক্স রিপোর্ট : জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম আজ। সকাল ৯টা থেকে দেশব্যাপী একযোগে এই অনুষ্ঠান পালন করবে জাতীয় পার্টি। গত ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই রাষ্ট্রপতি। ২৩ আগস্ট এই চেহলাম অনুষ্ঠানের আয়োজন করা হলেও পরে জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আয়োজনটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, এরশাদের রংপুরের বাড়িতে দোয়া অনুষ্ঠানের পর প্রায় ৩০ হাজার দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে। ঢাকা মহানগরীতে সকাল ৯টা থেকে শুরু হবে আয়োজন। ঢাকা মহানগরের প্রতিটি থানায় জাতীয় পার্টির শাখাগুলো দোয়া মাহফিলের আয়োজন করবে। পাশাপাশি দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করবে তারা। এ ছাড়া দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে জাতীয় পার্টির শাখাগুলোকে দোয়া মাহফিলের আয়োজন করতে নির্দেশনা দিয়েছে জাতীয় পার্টি। রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণভোজের ব্যবস্থা করা হয়েছে। বেলা ২টায় জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত রাজধানীর বিভিন্ন স্পটে খাবার বিতরণ করবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর  দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি গতকাল রাজধানীর স্বামীবাগে এক  দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পার্টির যুগ্ম মহাসচিব আমির উদ্দীন আহমেদ ডালু, সুজন দেসহ স্থানীয় নেতারা অংশ  নেন।