একুশে বার্তা রিপোর্ট : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার এক যাত্রীকে তল্লাশি করে প্রায় ৭০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার জব্দ করা হয়েছে। এছাড়া অপর এক যাত্রীর কাছ থেকে জব্দ করা হয়েছে শাওমি ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন। এ ঘটনায় দুই যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাজ্জাদ হোসেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিস-৩২২ ফ্লাইটে করে মাসকাট থেকে আসা যাত্রী মোতালেব হোসেনকে গ্রিন চ্যানেল অতিক্রমের পরে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করা হলে ছয়টি (৬৯৮ গ্রাম) সোনার বার পাওয়া যায়। এর মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। অপরদিকে ভারতের স্পাইস জেট এয়ারলাইন্সের এসজি-৭৬ ফ্লাইটে কলকাতা থেকে আসা যাত্রী সিরাজুল ইসলামের লাগেজ তল্লাশি করে শাওমি ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন হ্যান্ডসেট জব্দ করা হয়েছে। এগুলোর দাম প্রায় ১৫ লাখ টাকা।
