চট্রগ্রামে রড-সিমেন্টের গুদামে মিলল ৫ টন পেঁয়াজ

নিউজ ডেক্স : পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামে রড-সিমেন্টের গুদাম থেকে পাঁচ টন পেঁয়াজ জব্দ করা হয়েছে। অভিযানের কারণে মোকাম ও আড়তগুলোতে পেঁয়াজের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে এখনো ১০০ থেকে ১১০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।

এদিকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম বেঁধে দেওয়ার চিন্তা করছে সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ২ অক্টোবর  বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দাম সর্বোচ্চ ৬০ টাকার বেশি হওয়ার কথা নয়। তিনি বলেন, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধে ব্যবসায়ীদের কেউ কেউ সুযোগ নিয়েছে। মূল্যবৃদ্ধির কারসাজিতে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। মন্ত্রী ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘সব ভোক্তা যদি সাত দিন পেঁয়াজ না কিনি তাহলে তাদের পেঁয়াজ কিন্তু পচে যাবে। এ সুযোগটা ব্যবসায়ীরা নিচ্ছে, কারণ আমরা পেঁয়াজের জন্য হাহাকার করছি।’

পেঁয়াজের এ সংকটকে সাময়িক বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকও। তিনি বলেন, আগাম বর্ষা হওয়ায় প্রডাকশনে লস হয়েছে। মার্চের শেষের দিকে বৃষ্টি হয়েছে। এজন্য পেঁয়াজের উৎপাদন কম হয়েছে।  ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় হতাশা প্রকাশ করে কৃষিমন্ত্রী  বলেন, প্রতিবেশীদের কোনো সমস্যা ভারত আমলে নেয় না। গত ২ অক্টোবর  রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।