টাঙ্গাইলে অঘোষিত পরিবহন ধর্মঘট ডেকেছে মালিক-শ্রমিকরা

সংবাদদাতা : টাঙ্গাইল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে শুক্রবার (৩ আগস্ট) সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রেখেছেন টাঙ্গাইল পরিবহন মালিক ও শ্রমিকরা।

আজ ছুটির দিন থাকার সত্ত্বেও সকাল থেকে যাত্রীবাহী কোন বাস রাস্তায় চলাচল করেনি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিবহন মালিক-শ্রমিকরা জানান, কয়েক দিন ধরে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন পরিবহন ভাঙচুর করছে। এতে শ্রমিক ও মালিকদের জানমালের ব্যাপক ক্ষতিসহ নিরাপত্তা নেই। ফেডারেশনের নির্দেশে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া সকল ধরনের দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান তাবীব বলেন, গত কয়েকদিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের কারনে সারাদেশের মত টাঙ্গাইলেও সকল ধরনের যাত্রীবাহী পরিবহন বন্ধ রাখা হয়েছে। জানমালের ব্যাপক ক্ষতিসহ নিরাপত্তাহীনতার কারনেই মূলত পরিবহন চলাচল বন্ধ রয়েছে। যদি পরিবেশ পরিস্থীতি ভালো হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে গাড়ি চলাচল শুরু হবে।