টাঙ্গাইল-৪: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আবু নাসের

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের কালিহাতীতে কর্মিসভা , উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আবু নাসের উপজেলা প্রতিটি এলাকায় সরকারের উন্নয়নমূলক প্রচারপত্র বিলির মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। পূজামণ্ডপে মোটরসাইকেল বহর নিয়ে পরিদর্শন করেন।

আবু নাসের বলেন, গত ১০ বছর ধরে উপজেলার এমন কোনো এলাকা নেই যেখানে কর্মিসভা করিনি। উঠান বৈঠক করে দলের তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করে রেখেছি। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আমি নির্বাচন করতে চাই।

আমি শতভাগ আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন এবং মনোনয়ন পেলে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব। শনিবার উপজেলার জোকারচর পল্লী বিদ্যুৎ মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, ইউপি সদস্য ডলি, মুক্তিযোদ্ধা আ. গনি মাস্টার প্রমুখ।