সংবাদদাতা : স্কুলের টেন্ডাকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতীতে তিন আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১০ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা সদরের সাতুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে কালিহাতী বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন ব্যবসায়ীর শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারিকে কালিহাতীতে অবাঞ্ছিত ঘোষণা এবং আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস উপজেলা সদরে হরতাল আহ্বান করা হয়।
জানা যায়, কালিহাতী উপজেলার সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরোনো ঘর সম্প্রতি নিলাম পায় স্থানীয় আওয়ামী সমর্থক কয়েকজন। তারা এমপি গ্রুপ। তারা আজ সেই ঘরটি ভাঙতে গেলে স্কুলের সভাপতি আমিনসহ কয়েকজন তাতে বাধা দেয় । পরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও রাসেলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কালিহাতী শ্রমিক লীগের আহ্বায়ক শফিকুল আলম মিন্টু বলেন, ‘আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং স্থানীয় এমপিকে কালিহাতীতে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
এ বিষয়ে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা নাসরিন বলেন, ‘বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম আমিনের উপস্থিতিতে নিলামকৃত ঘরটি ভাঙতে গেলে ১০-১২ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শান্তি চাই।’
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘর সম্প্রতি নিলামকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে কালিহাতী বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন ব্যবসায়ীর শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। পরে প্রশাসন অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
