২৫ জুলাই কালিহাতীর বীরবাসিন্দা ও নবগঠিত পারখি ইউনিয়ন নির্বাচন : প্রচারনা জমে ওঠেছে

সেলিম তালুকদার, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও পারখী ইউনিয়ন পরিষদের নির্বাচন জমে উঠেছে। আগামী ২৫ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কালিহাতী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছে। সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে আইনগত জটিলতার কারণে সে সময় এ ইউনিয়ন দুটিতে নির্বাচন হয়নি।

উল্লেখ্য, বীরবাসিন্দা ইউনিয়নকে ভাগ করে নতুন পারখী ইউনিয়ন গঠন করা হয়েছে। আইনি জটিলতা নিরসনের পর এবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দুটি ইউনিয়নে শুরু হয় নির্বাচনী আমেজ। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা সবাই পুরোদমে প্রচারণা শুরু করেছেন। বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোট প্রার্থনা। হাট-বাজার, চায়ের দোকানে সর্বত্র চলছে নির্বাচনী আড্ডা।
বীরবাসিন্দা ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৬৩৭ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম সিকদার, জাতীয় পার্টির প্রার্থী মীর ইমরুল হাসান, জাসদ প্রার্থী শফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন, আব্দুল হাই তালুকদার ও সোলায়মান মিয়া। এ ইউনিয়নে তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে নয় জন এবং নয়টি সাধারণ সদস্যপদে ৩০ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। সংরক্ষিত মহিলা আসন ৪,৫,৬-এ মাইক প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন নুরুন নাহার খানম চায়না। চায়নার জয়ের সম্ভাবনাই বেশি বলে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে।

নবগঠিত পারখী ইউনিয়নে এবারই প্রথম নির্বাচন। এ ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৭৫০ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত আজিজুর রহমান তালুকদার, আওয়ামী লীগের বিদ্রোহী লিয়াকত আলী তালুকদার, বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক সিদ্দিকী ও লোকমান হোসেন। এ ইউনিয়নে তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে আট জন এবং নয়টি সাধারণ সদস্যপদে ৩২ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। দুটি ইউনিয়নের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার।