নিউজ ডেক্স : চিত্রনায়িকা পরীমণিকে হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টা মামলা তদন্ত করতে গিয়ে রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসছে। ওই ঘটনার পর বিমানবন্দর থানা ও দক্ষিণখান থানায় দুটি মামলা হয়। এই দুই মামলায় আসামি হচ্ছেন তুহিন সিদ্দিকী অমি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৭ দিনের রিমান্ডে নিয়ে অমিকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে অমির বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে পুলিশ। অমির সঙ্গে আরও দুই সহযোগী রয়েছেন, যারা ক্লাব পাড়ায় মদ, জুয়া ও সুন্দরী নারীদের ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ক্লাব রিসোর্টের আড়ালে মানবপাচারের অবৈধ ব্যবসা করে দেশে অঢেল সম্পত্তি ও বিদেশে টাকা পাচার করে সেকেন্ড হোমের সন্ধান পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশীদ বলেন, অমিকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণ সম্পদের তথ্য মিলেছে। অমির আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছে। তাদেরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। শুধু ঢাকায় নয়, অমির গ্রামের বাড়ি টাঙ্গাইলেও আছে একটি ডুপ্লেক্স বাড়ি। আছে অমি জেনারেল হাসপাতাল, হোটেল, মার্কেট থেকে শুরু করে মসজিদ-মাদ্রাসা-এতিমখানা। ৫০ বিঘা আবাদি জমির মালিকও তিনি। তার ১৫টি প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে তিনটি বাড়ি ও তিনটি রিসোর্ট।
অমির অপর দুই সহযোগী নাজিম ও অপু প্রসঙ্গে হারুন অর রশীদ আরও বলেন, এদের কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। অমির সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার তথ্যও আমরা পেয়েছি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, অমি-নাজিম-অপু সিন্ডিকেট ক্লাবপাড়ায় মদ-জুয়া ও সুন্দরী নারীদের ব্যবহার করে বড় বড় কাজ বাগিয়ে নেন। রাজধানীর তুরাগ থানার ধৌড় এলাকার ব্যবসায়ী নাজিম ও তার চাচাতো ভাই অপুর বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সিন্ডিকেটের উত্তরা, বনানী, বারিধারা, গুলশান ও গাজীপুরে রিসোর্ট ও ক্লাবকেন্দ্রিক ব্যবসা রয়েছে। রাকিব উদ্দিন ওরফে অপুর টঙ্গী আউচপাড়ায় ১৪ তলা ভবন রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, যুদ্ধাপরাধের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ফাঁসির রায় কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাশেম আলীর উত্তরণ প্রপার্টিজের তত্ত্বাবধায়ক ছিলেন নাজিম। মীর কাশেম আলীর ফাঁসি কার্যকরের পর উত্তরণ প্রপার্টিজ দখল করে নিজেই কোম্পানির চেয়ারম্যান নিযুক্ত হন। গাজীপুরের কালীগঞ্জে রিসোর্ট ও উত্তরা হাউস বিল্ডিংয়ে রেস্টুরেন্ট রয়েছে। নাজিম উত্তরার রয়েল ক্লাবেরও প্রতিষ্ঠাতা সদস্য। নাজিম ও তার চাচাতো ভাই অপু সাভারের বিরুলিয়ায় বোট ক্লাব, গুলশানে এসিসি বা অল কমিউনিটি ক্লাব, উত্তরা ক্লাব, পূর্বাচল ক্লাব ও রয়েল ক্লাবের আজীবন সদস্য। সর্বশেষ উত্তরা হাউজ বিল্ডিং সাইদ গ্রান্ডের পশ্চিম পাশে একটি বাড়িও দখল করার অভিযোগ রয়েছে নাজিমের বিরুদ্ধে। উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬/এ নম্বর রোডে একটি আলিশান বাড়ি করেছেন নাজিম। গাজীপুরের বাড়িয়া ইউনিয়নে নাজিমের ১০০ বিঘা জমি, উলুখোলায় ৭০ বিঘা জমির ওপর একটি আধুনিক রিসোর্ট রয়েছে।
আদালতে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি। ছবি: আব্দুল গনি
ডিবিতে রিমান্ডে থাকা অমিকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে এক কর্মকর্তা বলেন, অমি আশকোনায় রিক্রুটিং এজেন্সি খুলে ওয়ার্ক পারমিটের কথা বলে ৯ বছর ধরে ভ্রমণ ভিসায় অন্তত ৫ হাজার লোক পাঠিয়েছেন বিদেশে। তার রয়েছে একটি তৈরি পোশাক কারখানা। আশকোনায় রয়েছে জান্নাহ মেডিকেল সার্ভিসেস, আইএমএসটি হিউম্যান রিসোর্স লিমিটেডসহ ৫টি প্রতিষ্ঠান। অমির হলিডে প্ল্যানারস নামে উত্তরখানে একটি রিসোর্ট রয়েছে। দুবাই ও মালয়েশিয়ায় দুটি রিসোর্টে তার পার্টনারশিপ রয়েছে।
