পুলিশের নৈতিক স্খলন: পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা

ডেক্স রিপোর্ট : কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি অবৈধ আর্থিক লেনদেন, ঘুষ ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, সেই পুলিশ সদস্যকে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি ‘নৈতিক স্খলন রোধে করণীয়’ শিরোনামের একটি চিঠি সদর দফতর থেকে পুলিশের সব রেঞ্জ, মেট্রোপলিটন ও ইউনিটের ঊর্ধ্বতনদের পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা।

ইউনিট প্রধানদের উদ্দেশে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, অবৈধ আর্থিক লেনদেন ঘুষ-দুর্নীতি নিবারণ প্রসঙ্গে ‘জিরো টলারেন্স’ অবস্থান নিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চিঠিতে জানানো হয়েছে, সম্প্রতি বাংলাদেশ পুলিশ বাহিনীর কতিপয় পুলিশ কর্মকর্তা-কর্মচারীর কর্মকাণ্ডে নৈতিক স্খলনের বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, যা একটি ‘ডিসিপ্লিন ফোর্স’ হিসেবে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করে।

অপরাধ চিহ্নিত ও দমন করাসহ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে পুলিশের প্রতিটি সদস্যকে নৈতিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। চিঠিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলা হয়েছে, পুলিশ আইন, পিআরবি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা সম্পর্কে পুলিশ সদস্যদের প্রতি মাসে অবহিত করা এবং নৈতিক স্খলনের বিষয়টি পুলিশদের সচেতন করতে হবে।

ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র, সরকার কিংবা কোনো বাহিনী, বিভাগ, সংস্থা সম্পর্কে বিরূপ মন্তব্য থেকে বিরত থাকতে হবে। ফেসবুকে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট এবং সামাজিক অসন্তোষ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আহত আঘাতেও কিংবা সামাজিক বিতর্ক তৈরি করে এমন কোনো পোস্ট শেয়ার করা যাবে না।

এছাড়া যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিশু নির্যাতন বা অন্য যে কোনো স্পর্শকাতর ঘটনা শেয়ার পোস্ট থেকে বিরত রাখা, আসামি গ্রেফতার, পরিবহন এবং জিজ্ঞাসাবাদের সময় ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশ পুলিশের প্রবিধানের বিধিবিধান অনুসরণ করা, সাধারণ মানুষ হয়রানি না হয় তা নিশ্চিত করা, সেবা প্রত্যাশীদের সঙ্গে ভালো ব্যবহার করা, পুলিশ বাহিনীর কোনো সদস্য যদি নৈতিকতাবিরোধী কিছু করে তাহলে কালবিলম্ব না করে ইউনিট প্রধান এ বিষয়ে সর্বাধিক গুরুত দেয়া এবং পেশাদারিত্বের সঙ্গে আমলে নিয়ে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।