একুশে বার্তা রিপোর্ট : ভেস্তে গেছে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সেই সরস বাক্য- রাজধানীতে এখন আর ছিনতাইকারি নেই। অথচ ছিনতাইকারির ছুরিকাঘাতেই রাজধানীর উত্তরখানে গত ১৫ জুন এ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুজনেই উত্তরখানের বাসিন্দা। নিহতের নাম মোঃ সাকিব (২৩)। তার পিতার নাম মোঃ রফিক। আহত ব্যক্তির নাম শিপন (২১)। তার পিতার নাম সুলতান মিয়া।
আহত শিপনের বাবা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টায় বাসা থেকে বাটুলিয়ায় ঘুরতে যায় সাকিব ও শিপন। এ সময় ৩/৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। এ সময় ধস্তাধস্তি করলে সাকিবের বাম পাঁজরে ও পিঠে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। শিপনের পিঠেও ছুরিকাঘাত করে তারা।
আহত অবস্থায় দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয় প্রত্যক্ষদর্শীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় সাকিবকে মৃত ঘোষণা করেন। শিপনের চিকিৎসা চলছে।
ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতাল ক্যাম্প পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, নিহত সাকিব ও আহত শিপন একসঙ্গে উত্তরায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
এর একদিন আগে উত্তরার ১৪ নম্বর সেক্টরে প্রাইভেট কারের ভিতরে উবার গাড়ির চালক আরমানকে গলাকেটে হত্যা করা হয়েছে।
