মানবিক কাজের স্বীকৃতি পেলেন এসআই শবনম

একুশে বার্তা প্রতিবেদন :  অবশেষে ভাল কাজের স্বীকৃতি পেলেন পুলিশের এসআই শবনম। দায়িত্ব পালনের মানবিক কাজের স্বীকৃতি হিসেবে রাজধানীর তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শবনম সুলতানাকে পুরস্কৃত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ৭ মে  সোমবার সকালে পুলিশ সদরদপ্তরে তার হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

আইজিপি বলেন, ‌‘শবনম সুলতানা নিজ উদ্যোগে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যে নৈপূণ্য দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নিজে আহত গাড়িচালককে সেবা দিয়ে মানবিক সেবার অনন্য নজির স্থাপন করেছেন। তার এ মানবিক উদ্যোগের ফলে জনমনে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বেড়েছে।’

এসআই শবনম সুলতানা গত ২২ এপ্রিল শাহীনবাগ এলাকায় দায়িত্ব পালনকালে সিভিল অ্যাভিয়েশন স্কুলের সামনে সড়ক দুর্ঘটনার সংবাদ পান। তাৎক্ষণিক সেখানে পৌঁছে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করেন এবং একটি ব্রেকবিহীন গাড়ি চালিয়ে যান চলাচল স্বাভাবিক রাখেন।