ডেক্স রিপোর্ট : রাজধানীতে সুপ্রভাত পরিবহনের একটি বাস চাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হওয়ার পর আজ থেকে পরিবহনটির চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি এই নির্দেশনা দেন। মেয়র এসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতাও প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল করতে বিআরটিএকে নির্দেশ দেন। একই সাথে সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি বন্ধের জন্য তিনি নির্দেশ দেন।
নির্দিষ্ট স্থানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা জন্য স্টপেজ মার্কিং করারও ঘোষণা দেন মেয়র। একই সাথে প্রত্যেক চালকের ড্রাইভিং লাইন্সেস ছবিসহ বাসে দর্শনীয় স্থানে রাখার নির্দেশ দেন তিনি।
এ সময় নিহত ছাত্র আবরারের নামে ফুট ওভারব্রিজ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন মেয়র।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সকাল সোয়া ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তেন। তার বাবার নাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী।
দুর্ঘটনার পর থেকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গুলশান থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানিয়েছেন, সকাল সোয়া ৭টার দিকে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
