লা ম্যারিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে পাঁচতারা হোটেল ‘লা ম্যারিডিয়ানে’ দলের জাতীয় নির্বাহী কমিটির সভার স্থান নির্ধারণ করেছে বিএনপি। এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে দলটি। গত ১ ফেব্রুয়ারি সকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রিজভী বলেন, জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের জন্য কোথাও আমাদের জায়গা দেয়া হয়নি।

আমরা রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ, মতিঝিলের হোটেল পূর্বাণী এবং সর্বশেষ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ‘রাজদর্শনে’ নির্বাহী কমিটির এই সভার জন্য আবেদন করেছিলাম। এর মধ্যে বসুন্ধরার কনভেনশন সভার জন্য অনুমতি দিয়ে পরে তা বাতিল করে। অবশেষে লা ম্যারিডিয়ান কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। সভা অনুষ্ঠানে আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশের অনুমতিও তারা পাবেন। সংবাদ সম্মেলনের পর জাতীয় নির্বাহী কমিটির সভায় যোগদানের জন্য সদস্যদের পরিচয়পত্র প্রদান পর্ব শুরু হয়। প্রথমে   দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, ডা. আবদুল কুদ্দুস প্রমুখ দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল পর্যন্ত আমন্ত্রিত সভার সদস্যদের পরিচয়পত্র দেয়া হবে। ২০১৬ সালের ১৯ মার্চে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর নবগঠিত ৫০২ সদস্যের নির্বাহী কমিটির এটি হবে প্রথম সভা। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, এটিএম কামাল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।