শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ বিমানের গাড়িচালক আটক : পালিয়ে গেছে সিভিল এভিয়েশনের ট্রলিম্যান আমজাদ

একুশে বার্তা প্রতিবেদন : আবারও শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি স্বর্নসহ বিমানের গাড়ি চালক বিল্রালকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। ৮ নং হ্যাংগার গেট দিয়ে মাইক্রোবাসে করে স্বর্ন পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দারা তাকে গ্রেফতার করে। গটনার সত্যতা স্বীকার করে ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরি জানান, গ্রেফতারকৃত মো. বিল্লাল হোসেন রাষ্ট্রায়াত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ড্রাইভার।

তিনি বলেন, রোববার বেলা আড়াইটার দিকে আট নম্বর গেইট দিয়ে বিল্লাল একটি মাইক্রোবাস নিয়ে বের হওয়ার সময় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা গাড়িটি আটকায়।

তল্লাশি চালিয়ে তারা ওই গাড়িতে চালকের পাশের আসনের সঙ্গে টেপ দিয়ে মোড়ানো ৬০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন প্রায় সাত কেজি বলে জানান অথেলো চৌধুরি

তিনি আরো বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল বলেছে, আমজাদ নামে একজন ট্রলিম্যান তাকে ওই টেপ মোড়ানো প্যাকেটটি দিয়েছে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর আমজাদের তা নেওয়ার কথা ছিল।”

কাস্টমস কর্মকর্তারা আমজাদকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায় বলে  জানান ডেপুটি কমিশনার অথেলো।

আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।